মুগ্ধতা কি অবাক চোখে নতুন কোনো চিত্র
যোগফল কি মাঝে মাঝে একটু বিচিত্র!
স্বল্পতা কি বেশি বেশি নাকি অনেক অল্প,
আগামী কি অতীত থেকে অনেক দূরের গল্প।
সমাপ্তি কি শেষের আগে শেষ মুহূর্ত ঘণ্টা, রংধনু কি আকাশজুড়ে হারিয়ে যাওয়া মনটা।
চারপাশ কি চতুর্দিকের বিকট অন্ধকার,
আলো নামের কালো সময় হেলেদুলে পার
কাহিনি কি হাসতে হাসতে গল্পটাকে বলা,
লোকদেখানো উপন্যাসের খানিক ছলাকলা।
পৃথিবী কি তোমার দুহাত যতটা দূর মেলছে, আলোছায়ায় লুকোচুরি আমায় নিয়ে খেলছে।
সমুদ্র কি অনেক নদী একদা কোনো দিকে
টলমলে চোখ গাঢ় রঙে টাটকা হলেও ফিকে।
১০ জানুয়ারি ২০১০। ঢাকা