
KHUDHA JOKHON
ক্ষুধা যখন লজ্জা পেয়ে মুখটা আড়াল করে,
মনুষ্য প্রেম জাল বিছিয়ে খাদ্য খেয়ে মরে।
উপায়বিহীন তামাশাতে দিল অভিশাপ,
খায় না কেন খাপ!
হাসিমুখে রোগী যখন হাসপাতালে যায়,
অসুখ-বিসুখ নৃত্য করে সঙ্গী হতে চায়।
এই অসুখের বিচার সুরে মামলা ছাড়া রায়,
মহা সুখী কবিরাজের মনটা দিল সায়।
নিরিবিলি একটা ভোরে তোমার সাথে দেখা,
সেখান থেকে মনের কথা খুলে বলতে শেখা।
কাহিনিখান শুনে বলো আহ্লাদের ঢেঁকি,
ক্ষুধার জ্বালার অভিনয়ে সব চেহারাই মেকি।
২২ জুলাই ২০১৩। ঢাকা

URCHCHE GHORE
উড়ছে ঘরে অনেক রঙের ধুলো
হঠাৎ এসে একটা একটু ছুঁল।
পেরিয়ে যাওয়া রাত, আড়াল থেকে ধরল আমার হাত।
কাঁধের ওপর জিজ্ঞাসাটার বোঝা
সেখান থেকেই হচ্ছে শুরু খোঁজা
দেয়ালজুড়ে ছাদ, অনেক পরে বুঝছি সেটাই ফাঁদ।
শব্দ হলো একটুখানি অল্প কথার ছলে
যন্ত্রণাতে আপন মনে মোমবাতিটা জ্বলে।
সুখের নামে অসুখ হলো চিকিৎসাতে ভুল
ঝড়ের ভেতর আরেকটা ঝড় এলোকেশী চুল।
শর্ত মেনে কাটছি সাঁতার অল্প-স্বল্প আলোয়
হয় যদি সব এমন করে এখন ভালোয় ভালোয়।
বিনা কারণ কারাবরণ মহাসাগর ক্ষত
স্বেচ্ছাচারী ঘুমের ভেতর জটিলতা যত।
এলোকেশী ভুল।
৩০ জুন ২০১৩, ঢাকা।
উড়ছে ঘরে অনেক রঙের ধুলো। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: রূমানা খান। সংগীতায়োজন: রেজাউল করিম লিমন কণ্ঠধারণ: ১৫ জুলাই ২০১৪, ঢাকা।

MONE MONE ONUMANE
মনে মনে অনুমান ভাবছ যেটা, সেটা ঠিক না
যুক্তি কিংবা মুক্তি ও মুখোশ, যেটা ঠিক না
অল্প না খুব বেশি সতর্ক মন, এটা ঠিক না
আমায় একটু আদর করে কেউ যদি দিতে চায়, দিক না।
হুকুম নাকি অনুরোধ লাগছে একই, যেটা ঠিক না
সফল কোনটা ব্যর্থ চলছে হিসাব, এটা ঠিক না
ইতিহাস কেন মেঠো ঘাস আশপাশ, যেটা দিক না
আমায় একটু আদর করে কেউ যদি দিতে চায়, দিক না
গল্পটুকুর শুরু-শেষ একই রকম, সেটা ঠিক না
অল্পবিদ্যা দৌড়ায় পিছুটান টানটান, যেটা ঠিক না
পূর্ব কিংবা পশ্চিম যেদিকে তাকাও, সেটা দিক না
আমায় একটু আদর করে কেউ যদি দিতে চায়, দিক না
৩০ জুন ২০১৩, ঢাকা।
মনে মনে অনুমান ভাবছ যেটা, সেটা ঠিক না। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: কারিশমা শানু সভ্যতা। সংগীতায়োজন: রেজাউল করিম লিমন। কণ্ঠধারণ: ২৪ অক্টোবর ২০১৩, ঢাকা।

MOUCHAK VENGE GELE
মৌচাক ভেঙে গেল মৌমাছি কাছাকাছি কিন্তু দূরে,
সকালের সূর্যটা মুচকি হাসি হাসে তোমার দুপুরে।
অযথা চিন্তায় কেটে দিনটা
চিঠিপাতা জোড়া দেয় হতভাগা আলপিনটা।
সন্দেহ ছুঁয়ে দিল, দরজা তো খোলা ছিল, দুঃখের চাষ
ইট-কাঠ ভাগ্যটা পরীক্ষা দিয়েছিল করেনি তো পাস।
নতুন কারো প্রশ্নের তির পদ্যের গদ্যতে ঢিল
প্রকাশ হলো গোপন কথা বাস্তবতার সাথে মিল।
দখলের চেষ্টা করে, অনুমান কিছু পরে, সহ্যের শ্বাস
ধারাপাত পড়াশোনা বাড়িঘর সামলিয়ে করেনি তো বাস।
৩০ জুন ২০১৩, ঢাকা।
মৌচাক ভেঙে গেল মৌমাছি কাছাকাছি। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: নকিব খান। সংগীতায়োজন: রেজাউল করিম লিমন। কণ্ঠধারণ: ০৫ অক্টোবর ২০১৩, ঢাকা।

JIBON HOYKI DIN DIN TUMI
জীবন হওকি দিন দিন তুমি দূর-সম্পর্কে’র ভাই বোন,
তোমাকে খুঁজতে ভীড়ের মধ্যে আয়না কিংবা বায়না সারাক্ষণ।
ঠ্যালা - দিচ্ছো ঠ্যালা - সারা বেলা।
ছুঁয়ে দেখেছো কি একটু ছোঁয়ায় কিংবা ধোঁয়ায় চোখের সামনে নাই,
একপাশ থেকে হিসেব মেলাতে টাকা আনা পাই পাই।
খেলা - চলছে খেলা - সারা বেলা।
একশো ঝামেলা খেলাধুলো হয়ে লুকোচুরি ভয়ে আদরে মাখানো খাঁচা,
ভেতরে বাইরে ভিন্ন বাগানে টানে টানে হয় বাঁচা।
কথা+ সুর : এনামুল করিম নির্ঝর । জীবন হওকি দিন । ৩০ জুন, ২০১৩। ঢাকা

BARE BARE GHURE
বারেবারে ঘুরেফিরে আয়নাতে মুখ দেখি
বিশ্লেষণে পরখ করে লাগছে কেন মেকি।
হচ্ছে মনে নিজের কাছে নিজেই অচেনা
বলছ তুমি খুব সহজে যাচ্ছে আমায় কেনা।
পরিস্থিতির ধরন দেখে হলাম আমি অবাক
ভাবছি এবার নতুন করে সবার কাছে হব সবাক।
কোনটা বোকা [আর] সুযোগ বুঝে কোনটা চালাকি,
অপেক্ষাতে থাকতে হুকুম সময় ভুলে থাকি।
যাচ্ছ কেন কোথায় যাবে কৈফিয়তের সুর
হাজার মাইল মনে হলে একটু সামান্য দূর।
আমার আমি আদেশ দেব এটাই স্বাভাবিক
সঙ্গে কখন হারিয়ে গেলাম মস্ত মরুভূমি
এদিক-ওদিক দুইটা পাশে হাসছ শুধু তুমি।
৩০ জুন ২০১৩, ঢাকা।
বারেবারে ঘুরেফিরে। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: তাপস। সংগীতায়োজন: রেজাউল করিম লিমন। ঢাকা।

FOLITO ROSHAYON
ফলিত রসায়ন পদার্থবিদ্যা
পেটের মধ্যে মহা খিদ্যা,
চোখের সামনে অঙ্ক নাকি ভুল!
হাওয়ায় উড়ছে এলোমেলো চুল।
অল্প একটু দেরির জন্য
গতানুগতিক সবই পণ্য।
স্পর্শ করার উপায় খুঁজছে হন্য।
দীর্ঘ তালিকা ছোট্ট বালিকা
সবাই বলছে সেই তো চালিকা
শিল্প উড়ছে, উড়ছে ফুর্তি
মুখের হাসি বলছে সবাই ধন্য।
আজকে ক্ষতকাল, কালকে গতকাল
রান্না ভুল বলে লাগছে বেশি ঝাল।
প্রয়োগে শক্তি, তুচ্ছ ভক্তি।
বটবৃক্ষ উপড়ে ছেঁড়া মূল,
হাওয়ায় উড়ছে এলোমেলো চুল।
১৮ সেপ্টেম্বর ২০১৩, ঢাকা।
ফলিত রসায়ন পদার্থবিদ্যা। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: নবনীতা চৌধুরী। সংগীতায়োজন: রেজাউল করিম লিমন। কণ্ঠধারণ: ০৮ জানুয়ারি ২০১৪, ঢাকা।

BONDHUR TAAN
বন্ধুর টান কিছু মুক্তি, কিছু যুক্তির খেলা
বন্ধুর টান শক্ত-নরম আবেগের যত ঠ্যালা।
এখন বন্ধু বলে দাও তুমি মন খারাপের কারণ,
অথবা বলো তো আড়াল থেকে করছে কে কে বারণ।
কিছু উল্লাস কিছু দুঃখ সমীকরণের সম্বল,
কাঠফাটা রোদে উপহার দিল পশমে জড়ানো কম্বল।
প্রশ্নের পাখি আড্ডার ফাঁকে উড়ছে আকাশে চিল,
বিনা কারণে বিচার বসিয়ে ছুড়ছে আস্ত ঢিল।
আসল বন্ধু, নকল বন্ধু মধ্যেখানের ফাঁক,
স্বচ্ছ-সরল মানুষ কখনো করছে না রাখঢাক।
কিছু বিজ্ঞান কিছু সাধারণ আসলে সবটা ধারণা,
এখন দেখছি সবাই একলা বন্ধু কেউ তো কারো না।
২০ জুলাই ২০১২, ঢাকা।
বন্ধুর টান কিছু মুক্তি, কিছু যুক্তির খেলা। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: মাহাদী। সংগীতায়োজন: রেজাউল করিম লিমন। কণ্ঠধারণ: ২০ জুলাই ২০১৩, ঢাকা।

DHAR KORA KICHUTA SHOMOY
ধার করা কিছুটা সময় যদি বেহিসেবি ধাপ ফেলে ঝাঁপ দিতে চায়;
সবাই বলে হায় হায়
কেন যায় কোন দিকে ক্ষমতার সামর্থ্য আশপাশ।
কাচঘেঁষা বৃষ্টির ছিটেফোঁটা নিশ্বাস; বসবাস।
জ্যোতির্ময়ের কাছে লেখা চিঠি কাগজটা উড়ে যায়, বেচারা।
ষোলো আনা জীবনের বুঝে নিতে খানিকটা কিছু সাঁতারে ভেসে যায়;
সবাই বলে হায় হায়
বাজারের উঁচু দাম, নিচু দাম সামর্থ্য সম্বল।
অযথাই বঞ্চিত জটিলতা বুঝে নিতে চোখে জল, কথা বল।
জ্যোতির্ময়ের কাছে লেখা চিঠি কাগজটা উড়ে যায়, বেচারা।
৩০ জুন ২০১৩, ঢাকা।
ধার করা কিছুটা সময় যদি বেহিসেবি ধাপ ফেলে। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: সোহিনী আলম। সংগীতায়োজন: শায়েখউদ্দীন (শান)। কণ্ঠধারণ: ০৯ ফেব্রুয়ারি ২০১৪, ঢাকা।

RAJNEETI
রাজনীতি বুঝি কম; যেটুকু বুঝি
সেই প্রেম প্রেম খেলাধুলা ভাঙাচোরা রোদে ¯œান
তোমার টান; কেন ডান-বাম।
থাকা না থাকার বেসামাল ভোঁতা আশ্বাস
করে বসবাস।
উত্তরে মূল কথা ভুল কথা সবটাই দরজায় চোট;
কাঁপে দুই ঠোঁট।
নিরাকার আকারের জলছবি সাথে অজুহাত
করে সাক্ষাৎ।
যত দূর তত দূর একধাপ মাত্র নিষিদ্ধ চাল
বাকিটুকু কাল।
৩০ জুন ২০১৩, ঢাকা।
রাজনীতি বুঝি কম; যেটুকু বুঝি। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: নবনীতা চৌধুরী। সংগীতায়োজন: রেজাউল করিম লিমন। কণ্ঠধারণ: ০১ অক্টোবর ২০১৩, ঢাকা।