
KIVABE JABO PORIKKHATE
যাদের সাথে চুক্তি ছিল যুক্তি ছিলো খোলা,
ফলাফলের ঘন্টা বেজে নাটকে দেয় দোলা !
কিভাবে যাবো পরীক্ষাতে
পরষ্পরের শর্ত ঘোরে গর্ত খুঁজে মরে
গাছের পাতা হালকা ছোঁয়ায় তামাশাতে ঝরে
কলম- কালির শুকনা শরীর শিক্ষা-দীক্ষা ঢিলা,
আদেশ দিল জলদী করে তেল আর পানি মিলা !
সতর্কতার ভূমিকাতে আলোচনার জামা
কানে কানে বার্তা দিল পরিস্থিতি থামা।
বরফ কলের যন্ত্র খারাপ জমেনা তাই পানি
সবার আগে তুলতে হবে নিজের চোখের ছানি।
কিভাবে যাবো পরীক্ষাতে
কিভাবে ধরবো আগুন হাতে
কিভাবে যাবো পরীক্ষাতে
কিভাবে ধরবো হাতেনাতে
৬ মার্চ, ২০১৫
যাদের সাথে চুক্তি ছিল যুক্তি ছিলো । খোলা কথা + সুর: এনামুল করিম নির্ঝর। সংগীতায়োজন: রেজাউল করিম লিমন ,অটমনাল মুন ও অর্ক সুমন। শিল্পী: ঔশী। ১০ এপ্রিল ২০১৫ । ঢাকা

EKTA FOTA PANI
একটা ফোঁটা পানি, তাই নিয়ে কানাকানি
একটু আগে বৃষ্টি পড়েছে চোখ দুটোতে ছানি,
তাই নিয়ে টানাটানি
একটু আগে বৃষ্টি পড়েছে
তোমার কাছে আপাতত দিচ্ছি কিছু ফাঁকি
গন্ধ শোঁকা ঘরে ঢোকা এমন করেই থাকি
সন্দেহতে ভুল, ছিঁড়ছে সবাই চুল
একটু আগে বৃষ্টি পড়েছে
সমান ভাগাভাগি,
তাইতো রাগারাগি
একটু আগে বৃষ্টি পড়েছে
বেঁচে থাকার মানে বুঝে আয়নায় আঁকাআঁকি,
আমার আমি ক্যামন আছি প্রশ্ন হলো নাকি।
কেন সম্মানহানি, হচ্ছে কানাকানি
গল্পের পর্দা টানি তবু দিচ্ছ বাণী।
তোমার কাছে জমা, তাইতো চাচ্ছি ক্ষমা
কথা-কাটাকাটি, চাপা পড়ছে মাটি।
টুকরো আগুন ছুড়তে গিয়ে ভুল বাড়িতে ধোঁয়া,
আমার মতের ফর্দ ছিল তোমার হাতের মোয়া।
৩০ জুন ২০১৩, ঢাকা।
একটা ফোঁটা পানি, তাই নিয়ে কানাকানি। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: নকীব খান। সংগীতায়োজন: রেজাউল করিম লিমন। কণ্ঠধারণ: ০৫ অক্টোবর ২০১৩, ঢাকা।

PORIBOHON KLANTO VISHON
পরিবহন ক্লান্ত ভীষণ
আর পারছে না করতে পরি বহন।
তাই পরিদের হতাশা নিয়ে একটা গান
যার ওজন মাত্র এক টন।
তাদের দলে যেহেতু তুমি ছিলে, এক ঢিলে
অতএব এখানে ক্ষান্ত, হই না শান্ত।
প্রথম প্রথম যেহেতু লজ্জায়, দিন যায়,
অতএব ভুলের তালিকা, মানছ বালিকা
২৫ নভেম্বর ২০১২, ঢাকা।
পরিবহন ক্লান্ত ভীষণ। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: নিবিড়। সংগীতায়োজন: রেজাউল করিম লিমন।কণ্ঠধারণ: ১৩ অক্টোবর ২০১৩, ঢাকা।

HATER MUTHO ROHOSSHOTE DHAKA
হাতের মুঠো রহস্যতে ঢাকা
হয়তো সবার বুকের ভেতর ফাঁকা।
সন্দেহতে সময় গেল সারা বয়স পার
অবশেষে কুড়িয়ে পাওয়া শুকনো ফুলের হার।
স্বচ্ছ-সরল গল্প যাদের তদন্ততে ভুল
মরচে ধরা মৌমাছি চোখ ফুটিয়ে দিল হুল।
কুড়িয়ে পাওয়া তোমার আমার চিঠির জোড়াতালি
উপচে পড়া সুখের ভেতর বাক্স কেন খালি।
দোকানদারের মনটা খারাপ নাই তো কেনাবেচা
খরচ-খাতায় রঙিন হরফ সবই নাকি দেনা।
নানা রকম চলছে হুকুম মেনে নেয়ায় ফাঁকি
হাতের কলম কপাল পেয়ে করছে আঁকাআঁকি।
৩০ জুন ২০১৩, ঢাকা।
হাতের মুঠো রহস্যতে ঢাকা। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: প্রমা। সংগীতায়োজন: রেজাউল করিম লিমন।কণ্ঠধারণ: ২৯ জুলাই ২০১৩, ঢাকা।

ICE ICE ICE
ICE ICE ICE only 2 eyes
বরফ গলে জলের ধারা কোথায় হবে শেষ
কোনটা আমার দেশ?
এক পা দু’পা কয়েক সিঁড়ি ধাপ
দুপুর রোদে পুকুর-বুকে ঝাঁপ
খেলার সাথি তোমার কোলে শ্বাস
মা জননী কোথায় আমার বাস!
আত্মীয়তায় খেলাঘরের সাজ
আলো-ছায়া পায় না খুঁজে কাজ
কুড়িয়ে পাওয়া হারিয়ে যাওয়ার খোঁজ
তোমায় আমি খুঁজছি আমি রোজ।
৩০ জুন ২০১৩, ঢাকা।
বরফ গলে জলের ধারা। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: রূমানা খান। সংগীতায়োজন: রেজাউল করিম লিমন। কণ্ঠধারণ: ১৫ আগস্ট ২০১৩, ঢাকা।

NIJOSSHOTAR SATHE
নিজস্বতার সাথে জোড়াতালি কিছুটা সেলাই,
অগোছালো মূর্তির ছায়াটার সাথে মেলাই।
পরিহাস, তুই হাস অন্ধ বুকের কাছে হাহাকার।
কাড়াকাড়ি শব্দটা অভিধান পাতা থেকে
মুছে গিয়ে অবাধ্য সংসার!
কয়টা পর্ব গেলে জমবে নাটক অপেক্ষা দাঁড়িয়ে থাকে।
মগ্ন মেঘের মনে চিঠি লেখা উৎসব সেরে নিল তারই ফাঁকে।
সামান্য চেষ্টাতে তোলপাড় হয়ে গেল সবকিছু ভেঙে চুরমার।
তপস্যা কোন দিকে, কোন দিকে জ্বালাতন অপেক্ষা কিসের টানে,
অল্প অল্প করে জাল বুনে দুঃখ সংঘাত সবই জানে।
সান্তনা অনুরোধে চিন্তায় ডুবে গেল করল না কেউ আর পারাপার।
২০১১, ঢাকা।
নিজস্বতার সাথে জোড়াতালি কিছুটা সেলাই। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: রূমানা। সংগীতায়োজন: রেজাউল করিম লিমন। কণ্ঠধারণ: ২৮ মে ২০১৪, ঢাকা।

JEHETU SHORASHORI PARBONA BOLTE
যেহেতু সরাসরি পারবে না বলতে গানে গানে কারসাজি
মাথাব্যথার একটা বেলুন বাতাস গিলে করে হজম।
বুঝছি না কে যে কার যম।
থতমত কিছু মেঘ মুচকি হাসির দোষে কারাগারে বন্দী হলো
আকাশ তুমি কথা বলো।
প্রতিবেশী পাহাড়ে একটা শামুক নাকি কবিতায় হয়েছে পাগল
একদিন সকালে বুঝতে পারল সে পৃথিবীর বুক নাকি গোল।
যন্ত্রণা সইলেও সহ্য করে না সে বুঝেশুনে অবহেলা
এই কারণে জীবনজুড়ে গল্প হলো কি কম।
বুঝছি না কে যে কার যম।
কতটুকু বাকি আছে দম।
৩০ জুন ২০১৩, ঢাকা।
যেহেতু সরাসরি পারবে না বলতে গানে গানে কারসাজি। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: রেজাউল করিম লিমন। সংগীতায়োজন: রেজাউল করিম লিমন। কণ্ঠধারণ: ১৬ জুলাই ২০১৩, ঢাকা।

HOY KINGBA NA HOY
হয় কিংবা না হয়, সহ্য করি সময়
ভয় একটু হয়, কখন আসে অসময়
একটা হরফ ইচ্ছে হলেই ওলট-পালট করে দিল
কথা শুনে ও হেসেছিল।
চাবি হাতে গর্ব তোমার পায়ের মাটি যায় দূরে
ঝড়ের ভেতর ঝাপসা কথা বাজছে কানে ভুল সুরে
অনুমানের অনুসরণ নকল ছায়ায় চিন্তা
কাটছে বয়স এলোমেলো দিনটা।
ভাবি যত শর্ত আমার যতœ করে যায় লেখা
ঘরের বাহির হঠাৎ করে নিজের সাথে হয় দেখা
পড়াশোনায় মনোযোগের অগোছালো সব চিন্তা
কাটছে সময়, এলোমেলো দিনটা।
৩০ জুন ২০১৩, ঢাকা।
হয় কিংবা না হয়, সহ্য করি সময়। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: রেজাউল করিম লিমন। সংগীতায়োজন: রেজাউল করিম লিমন। কণ্ঠধারণ: ৬ জুলাই ২০১৪, ঢাকা।

ACHOMKA JIGYASHA
আচমকা জিজ্ঞাসা, যাচ্ছ কোথায়?
তোমার বাড়িটা আমি খুঁজব কোথায়
একেকটা খোলা ছাদ এলোমেলো মেঘ
লুকোচুরি করে চাঁদ খুঁজব কোথায়?
বইগুলো দাঁড়িয়ে একলা ঘরে
বৃথা হয় লেখাপড়া হালকা জ্বরে
ওষুধের তালিকায় তোমার দুচোখ
ফলাফল সামনে হোক বা না হোক
ঘটে যায় ঘটনাটা সুযোগের ছল
কী কারণে বুকজুড়ে অকারণ জল
উপচে পড়েছে কোলে চেনা ঝোড়ো হাওয়া
বোঝাপড়া সেখানেই না পাওয়াটা পাওয়া।
খুচরো যে ছবি ছিল কয়েকটা ভাঁজ
মনে হয় সেটাকেই বড় এক কাজ।
জোড়া দেয়া ছাদটুকু বৃষ্টির দাম
তুমি খোঁজো বারবার ভুলে যাওয়া নাম।
৩০ জুন ২০১৩, ঢাকা।
আচমকা জিজ্ঞাসা, যাচ্ছ কোথায়। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: রেজাউল করিম লিমন। সংগীতায়োজন: রেজাউল করিম লিমন। কণ্ঠধারণ: ১২ জুলাই ২০১৩, ঢাকা।

AARALER KAAN
আড়ালের কান শুনে নিল সব কথা, ওলট-পালট হলো রাতটা,
কী করে যে দিন গেল সাতটা।
ভেসে যাওয়া ময়লা পুড়ে সব কয়লা।
জানাজানি বন্ধুর বাড়িটায় রান্নায় গোলমাল হাঁড়িটায়।
কয়েকটা চোখ খুঁজে আত্মীয় লেজ,
কয়েকটা চোখ দেখে বংশের তেজ!
শিকারির বন্দুক ফাঁকা কোল, এলোমেলো বৈঠক বাজে ঢোল।
সমাবেশে ঢং টানাটানি হয় যত, জটলায় খোঁজ ভুলে যা তোর ক্ষত।
৩০ জুন ২০১৩, ঢাকা।
আড়ালের কান শুনে নিল সব কথা, ওলট-পালট হলো। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: রেজাউল করিম লিমন।সংগীতায়োজন: রেজাউল করিম লিমন। কণ্ঠধারণ: ২২ জুলাই ২০১৩, ঢাকা।