
MUCHE JACCHE DAG
মুছে যাচ্ছে দাগ
যোগ-বিয়োগ আর গুণ-ভাগ।
কারো কষ্ট কারো উল্লাস
আমার চোখের জোনাকি।
গল্পটুকুর মাঝখানে সুখ, সেটাই অল্প শোনা কি?
মুছে যাচ্ছে ঝগড়াঝাঁটির বোকা বোকা ব্যাকরণ
মুছে যাচ্ছে ফাঁক কমাবার একশো রকম ধরন।
জোড়াতালি রেখা হারিয়ে যাচ্ছে উড়ছে মধ্যে দেয়াল
অচিন পালক উড়ে যায় ছাদে আকাশ করেনি খেয়াল।
কারো খুনসুটি কারো উৎপাত
চলতে চলতে থামা কি,
সিঁড়িটার ধাপে আজগুবি মাপ, উঠতে উঠতে নামা কি?
মুছে যাচ্ছে চিরচেনা দাগ খামখেয়ালির টান,
মুছে যাচ্ছে সুর মনে রাখা খুব পরিচিত গান।
৩০ জুন ২০১৩, ঢাকা।
মুছে যাচ্ছে দাগ। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: রেজাউল করিম লিমন। সংগীতায়োজন: রেজাউল করিম লিমন। কণ্ঠধারণ: ২৩ জুলাই ২০১৩, ঢাকা।

GOPON KOTHA GOPON BAKSHE
গোপন কথা গোপন বাক্সে
সুখে ছিল সুখে থাক সে।
প্রজাপতির নরম মনটা রোদে তাপে জ্বলে
রাজা-রানির রাগের লোহা একটা-আধটা গলে।
উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই রে তোর,
আঁধার রাত্রি মশকরাতে কেটে গেল ভোর।
পুতুল নাচের সূতা নরম হাত-পা নড়ে না,
চোখের পাতায় শক্ত আঠা তাইতো পড়ে না।
ভেজা কাঠের ভেজা চেয়ার বিনা আগুন পুড়ে,
খাঁচার পাখির চক্ষু ভেজা মনে মনে ওড়ে।
জখম-বুুকে খোলা আকাশ উড়ছে লম্বা চুল
তোমার আমার সাধের অঙ্ক কিছু কিছু ভুল।
১৩ এপ্রিল ২০১৩, ঢাকা।
গোপন কথা গোপন বাক্সে। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: রেজাউল করিম লিমন। সংগীতায়োজন: রেজাউল করিম লিমন। কণ্ঠধারণ: ২০ ফেব্রুয়ারি ২০১৪, ঢাকা।

BONDHU TODER
বন্ধু তোদের মুখগুলো সব লাগছে অচেনা
জানাসনি কেউ বুঝতে পারি, চলছে বেচাকেনা।
বন্ধু তোদের সেসব দিনের অন্তরঙ্গ চাওয়া,
অজুহাতের তালিকাটা পকেট থেকে হাওয়া।
বন্ধু তোদের আদর্শ আর চেতনা কি ক্ষয়?
যখন-তখন সুবিধাতে মিথ্যে কথা কয়।
বন্ধু তোদের হিসাব-নিকাশ লাগছে এখন অন্য
পরিচয়ের মিষ্টি সময় নষ্ট কিসের জন্য।
বন্ধু তোদের প্রশ্ন শুনে লাগছে এখন চমক,
সেকেলে তাই হচ্ছে মনে সুযোগ পেয়ে ধমক
বন্ধু তোরা একটুখানি পেছন দিকে তাকা,
ব্যস্ততাতে ইচ্ছে হলে স্মৃতির ধুলো মাখা।
৩০ জুন ২০১৩, ঢাকা।
বন্ধু তোদের মুখগুলো সব লাগছে অচেনা। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: রেজাউল করিম লিমন। সংগীতায়োজন: রেজাউল করিম লিমন। কণ্ঠধারণ: ২৫ আগস্ট ২০১৩, ঢাকা।

BARANDATE RODH PORECHE
বারান্দাতে রোদ পড়েছে একলা কাঠের চেয়ার,
দুরবিনে চোখ, দেখব তাকে,
বসবে কি হায় সে আর।
কানামাছি খেলার ছলে অন্ধকারের কবি,
আকাশজুড়ে তাকিয়ে থাকা জন্মদাতার ছবি।
অভিমানের মুখোশ ছিল, ছিল আড়াল ফাঁক,
তখন বোধ হয় মুখোশ ছিল, ছিল আড়াল ফাঁক
যে কারণে পাইনি খুঁজে চেনা বুকের ডাক।
ছায়াপথের অলিগলি দরজা খোলার ভাষা,
মন্দ-ভালোর সমীকরণ ছন্দ সর্বনাশা!
যখন কোনো সুযোগ থাকে কল্পনাতে ভুল,
ঠিক সেখানে ফুটিয়ে দিল বিষ মাখানো হুল।
মুখরোচক সান্ত্বনাতে শিশুকালের ঘর
দেয় না কেন স্বচ্ছ করে কোনটা আপন-পর।
৩০ জুন ২০১৩, ঢাকা।
বারান্দাতে রোদ পড়েছে একলা কাঠের চেয়ার। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: রেজাউল করিম লিমন।সংগীতায়োজন: রেজাউল করিম লিমন। কণ্ঠধারণ: ১৩ জুলাই ২০১৩, ঢাকা।

VIRER VETOR
ভিড়ের ভেতর হারিয়ে যাওয়া সেই মুখ,
হঠাৎ করে চিনতে পারার কিছু সুখ।
সেই মুখটার বন্ধ করা ফাঁকা বুক।
পিপাসার রসিকতা যুক্তিতে ভালো থাকা,
নিরামিষ ডাক শুনে চারপাশ ফাঁকা ফাঁকা।
আপাতত পরিহাস সামলানো সুখ।
পরিচয় লুকোনোর ব্যাকরণ শুনে না শোনা,
মুহূর্ত আমাদের মনে পড়ে হাতেগোনা।
আপাতত সান্ত্বনা মোড়কের মুখ।
৩০ জুন ২০১৩, ঢাকা।
ভিড়ের ভেতর হারিয়ে যাওয়া সেই মুখ। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: এলিটা করিম। সংগীতায়োজন: রেজাউল করিম লিমন। কণ্ঠধারণ: ২৭ জুলাই ২০১৩, ঢাকা।

SHONGSHARE SHONGKOT
সংসারে সংকট সাংঘাতিক!
দেয়ালের টিকটিকি বলে ঠিক ঠিক!
আশ্রমে ঘুরেফিরে সায়
বোকা বোকা দিন চলে যায়।
প্রথমত দ্বিতীয়ত তৃতীয়ত ভুল,
ছোটখাটো হিসাবের বেপরোয়া মূল।
ঘষামাজা দরজায় রংমাখা দ্বিধা,
বুকে প্রেম জুটলেও মনজুড়ে খিদা।
ছলে-বলে-কৌশলে চলে জোড়াতালি;
পূর্ণতা মনে হয় পুরোটাই খালি!
অনুতাপ বর্ণনা সাথে বসবাস;
উড়ে এসে জুড়ে পাওয়া লুকোচুরি ফাঁস।
সংসারে সংকট খুবই স্বাভাবিক!
দেয়ালের টিকটিকি বলে ঠিক ঠিক!
কৌশলে ঘুরেফিরে সায়
বোকাসোকা ছবিটাতে রায়
০৪ অক্টোবর ২০১২, ঢাকা।
সংসারে সংকট সাংঘাতিক! কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: দিলশাদ নাহার কনা। সংগীতায়োজন: রেজাউল করিম লিমন। কণ্ঠধারণ: ২৮ জানুয়ারি ২০১৪, ঢাকা।

SHAREER PAARE KHORKUTO
শাড়ির পাড়ে খড়কুটো
কন্যা তুমি কোথায় ছুটো
আসল কথা বোঝা হলো না।
অল্প ভেজা চক্ষু দুটো
টিনের চালে মস্তÍ ফুটো
সামান্য তো করছে ছলনা।
ভূতের মাথায় মস্ত মুকুট জলতরঙ্গ ছায়া
দুশমন তাই বলতে পারে তারই বেশি মায়া।
হত্যাকা- ঘটনা কি নিজের দেখা ভুল
পয়সা-কড়ির নিজের বাড়ি অন্ধকারে কাড়াকাড়ি
সকাল-বিকাল করছে ছলনা।
মতামতের কোনটা দিবা কোনটা দিবা ফেলে
কাটছে আমার সারাটা ক্ষণ জীবন নামের জেলে।
কন্যা তোমার পিছল পথে শুকনো আমার হাত
পেছন ফিরে দেখতে পারো সামনে খালি পাত।
বারান্দাতে মাতা বসে পিতা তখন কপাল ঘষে
ভাগ্য বলে জলদি চলো না।
১৭ ডিসেম্বর ২০১২, ঢাকা।
শাড়ির পাড়ে খড়কুটো। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: এন্ড্রু কিশোর। সংগীতায়োজন:
রেজাউল করিম লিমন।
কণ্ঠধারণ: ২৫ সেপ্টেম্বর ২০১৩, ঢাকা।

RATRI KROMOSHO
রাত্রি ক্রমশ গভীর হলো
চোখের পুকুর টলোমলো।
ইচ্ছেগুলোর ফাঁসি
এক পা দু’পা নতুন পোশাক-হাসি।
বন্ধ খামের মুখটা খোলা
শক্ত লোহা, হালকা শোলা।
মধুর রেখায় অন্ধকারের টান,
বেসুরো হয় গান।
বিপজ্জনক শিল্পকলা
এগিয়ে যাওয়ার কথা বলা।
তোমার কাঁধে আকাশজুড়ে ঘর
লাগছে তবু সব পর।
৮ জানুয়ারি ২০১১, ঢাকা।
রাত্রি ক্রমশ গভীর হলো। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: দিলশাদ নাহার কনা। সংগীতায়োজন: রেজাউল করিম লিমন। কণ্ঠধারণ: ০৩ জানুয়ারি ২০১৪, ঢাকা।

MONER OJON
মনের ওজন বড্ড ভারী লাগে
কোন বোঝাটা চলছে পিছে কোন বোঝাটা আগে।
ঘুমের ভেতর জেগে উঠে কেনাবেচা চলে,
মনে মনে শুধুমাত্র তোমার কথা বলে।
ঝামেলাটা কাঁধের ওপর চলছে অবহেলা
আমার সঙ্গে এটাই লীলাখেলা।
যোগ-বিয়োগের মাপে ফাঁকি বাকির খাতায় ছল,
কলম নিয়ে কাড়াকাড়ি বাড়াবাড়ির ফল।
হিসাব বইয়ের উল্টো পাতা ভেজা রুমাল কার,
রোদে পুড়ে আগুনে ছারখার।
১৫ ডিসেম্বর ২০১১, ঢাকা।
মনের ওজন বড্ড ভারী লাগে। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: লাবিক কামাল (গৌরব)। সংগীতায়োজন: রেজাউল করিম লিমন। কণ্ঠধারণ: ২২ জুলাই
২০১৪, ঢাকা।

MAA CHARA PROTHOM
মা ছাড়া প্রথম জন্মদিন
তারিখটা সাদামাটা বেশভূষা সাধারণ বড্ড মলিন।
জন্মদিন... বড্ড মলিন...
আকাশটা গম্ভীর মেঘমুখ কালো
মোমবাতি একা একা ছুড়ে দেয় আলো।
যত দূর হাতছানি বিস্ময়ে ফাঁকি
তোমাকে মা মনে মনে বারবার আঁকি।
যুক্তি-তর্ক যত বন্ধু চমক
আঁধারের তারাগুলো দিচ্ছে ধমক।
জাদুকর কথা দিল, দিল সান্ত্বনা
তাকে দেখা স্বপ্নটা ঘরে থেকে যা না।
৫ নভেম্বর ২০১২, ঢাকা।
মা ছাড়া প্রথম জন্মদিন। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: মৈত্রী ইসলাম। সংগীতায়োজন: রেজাউল করিম লিমন। কণ্ঠধারণ: ২ অক্টোবর ২০১৩, ঢাকা।