
KOLPONA SHOB E JANA
কল্পনা সবই জানা বাস্তবতার চাদরে
বেড়ে ওঠে কার আদরে
লতাপাতা সংসারে জ্বালাতন সারাক্ষণ
সিন্দুকে আটকে থাকে কার মন?
উঁকি দিল জানালায় অবাধ্য চোখ দুটো জ্বালিয়ে
হাসছিল চেনা সুখ হঠাৎ করে গেল পালিয়ে
ওপারের সূর্যটা এপারের চাঁদ হয়ে কোথায় লুকাবে ভেবে পায় না
হয়তো তোমার মতো প্রকাশ্য দিবালোকে হাত ধরে হাঁটতে সে চায় না
ঘুড্ডির শরীরে অসুখ-বিসুখ বলে উড়িয়ে দিলেও বসে কান্না
কল্পনা বাস্তবে মাখামাখি লীলাখেলা অযথা বিলাসী প্রেম আর না
আংশিক চারিদিক নয়-ছয় কিছু অভিনয়
হাসিমুখে কতজন সয়।
খোলা খাতা হিসাবের একাকার হাহাকার
কারুকাজ নকল হার, যার যার
৩০ জুন ২০১৩, ঢাকা।
কল্পনা সবই জানা বাস্তবতার চাদরে। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: অটমনাল মুন। সংগীতায়োজন: রেজাউল করিম লিমন। কণ্ঠধারণ: ১০ডিসেম্বর ২০১৩, ঢাকা।

THEKE JAY DHULOBAALI
থেকে যায় ধুলোবালি
মুখটা জুড়ে চুনকালি
ভাঙাচোরা আয়নাতে দেখছি মুখ
লেখাপড়া করে বুঝতে হচ্ছে সুখ।
নিজস্বতায় গোলমেলে যত মানা
সামনে এগিয়ে সুতোটাকে ধরে টানা।
পরম্পরায় বলতে হচ্ছে থাক,
জোড়া লাগলেও মাঝখানে কিছু ফাঁক।
অবলম্বন খুঁটিনাটি কিছু আশা
যেখানে তৈরি নড়বড়ে নিজ বাসা।
পরস্পরের আড্ডাতে রেষারেষি,
অল্প পেয়েও বলতে হচ্ছে বেশি।
৩০ জুন ২০১৩, ঢাকা।
থেকে যায় ধুলোবালি। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: কারিশমা শানু সভ্যতা। সংগীতায়োজন: রেজাউল করিম লিমন। কণ্ঠধারণ: ২২ অক্টোবর ২০১৩, ঢাকা।

HAAY HAAY CHAAND MAMA
হায় হায় চাঁদ মামা, গায়ে কেন ছেঁড়া জামা
উত্তরে মাথাটাকে ঘামা
পরীক্ষা যন্ত্রণা ফুরিয়েছে তেল
সে কারণে পাস করে পুনরায় ফেল
মূর্তির আঙুলে কলমের হাসি
চাঁদ মামা রোদে পুড়ে হয়ে গেল বাসি।
খুঁজছিল দুরবিন উদাসী পোকা
দিনের শুরুতে খায় ইয়া বড় ধোঁকা
তার পরও যতটুকু রয়ে যায় বাকি
দুষ্টুমি দুই চোখ দিয়েছিল ফাঁকি।
৩০ জুন ২০১৩, ঢাকা।
হায় হায় চাঁদ মামা, গায়ে কেন ছেঁড়া জামা। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: কারিশমা শানু সভ্যতা। সংগীতায়োজন: রেজাউল করিম লিমন। কণ্ঠধারণ: ২৯ অক্টোবর ২০১৩, ঢাকা।

DERI KORONA
দেরি করো না...
চলে যাবার পরে, পড়ছে মনে সান্তনা।
সময়মতো হয় না কেন সয় না চোখের পাতা,
কুসুম আরাম লুকিয়ে থাকে ভুলো মনের খাতা।
জন্ম হলো যাদের কারণ করছি সেটারই খোঁজ,
আড়াল থেকে আদর করে রাখছে কাঁধে হাত রোজ।
লতাপাতার লুকোচুরি অনেক দিনের চেনা বই,
জয়জয়কার কত আয়োজন কেমন করে আমি সই।
আয়নাগুলোর বায়না দেখে অনেক কথা বলা বারণ,
বৃক্ষ তোমার মন খারাপের জানতে পারি কী কারণ।
৩০ জুন ২০১৩, ঢাকা।
দেরি করো না...। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: ফাহমিদা নবী। সংগীতায়োজন: রেজাউল করিম লিমন। কণ্ঠধারণ: ২০ জুলাই ২০১২, ঢাকা।

KRITODASH KRITODASHI
ক্রীতদাস-ক্রীতদাসী, মুখে হাসি বেচারার পরিণাম
বুঝতে পারে না কেউ বুঝবে না কোনো দিন তার দাম।
অকেজো মনের চিঠি অগত্যা ছুড়ে দেয় আকাশে
দাসখত দিয়েছিল ঘুমের ঘোরে পড়ে থাকা সে।
আয়না যায় না, সামনে দাঁড়িয়ে রয়
বোকা বোকা চেহারার সংসার
স্বচ্ছ জবাব নেই নাটকের দৃশ্যে ঢং কার!
জড়তার সুযোগে দরদাম ঠিকঠাক গম্ভীর
হাসিমুখ মরদেহ শুয়ে আছে চারপাশে কম ভিড়।
সিঁড়ির ধাপের কাছে পিছলে যাওয়া কান শুনছে
অল্প অল্প করে নিশ্বাস কয়খান গুনছে।
ফলাফল চোখে জল মুছবে কি
মুছবে না ভাবতে ভাবতে যায় ঘণ্টা
চাঁদাবাজি কৌশল শিক্ষাদীক্ষা চায় মনটা।
৩০ জুন ২০১৩, ঢাকা।
ক্রীতদাস-ক্রীতদাসী, মুখে হাসি বেচারার পরিণাম। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: বাপ্পা মজুমদার। সংগীতায়োজন: রেজাউল করিম লিমন। কণ্ঠধারণ: ১৪ ডিসেম্বর ২০১৪, ঢাকা।

GOPON KOTHATA RAKHCHI POCKETE
গোপন কথাটা রাখছি পকেটে, ভয় পেয়ো না
মুখে না বলা সেই কথাটা, ভয় পেয়ো না।
বুঝতে পেরেছি, তুমিও বুঝেছ, ভয় পেয়ো না।
আমার আকাশে তোমার ঘুড্ডি উড়ছে উড়–ক
অন্য সবার বুকগুলো সব পুড়ছে পুড়–ক।
হাতটা বাড়ানো, রাস্তা পেরোনো, ভয় পেয়ো না।
এপারে সকাল ওপারে সন্ধ্যা, ভয় পেয়ো না।
আস্তে আস্তে সিঁড়ির ধাপটা, ভয় পেয়ো না।
বৃষ্টি পড়লে একটু আভাস, ভয় পেয়ো না।
হাতের মুঠোতে তছনছ রেখা, ভয় পেয়ো না।
৩০ জুন ২০১৩, ঢাকা।
গোপন কথাটা রাখছি পকেটে। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: মৈত্রী ইসলাম। সংগীতায়োজন: রেজাউল করিম লিমন। কণ্ঠধারণ: ০৯ অক্টোবর ২০১৩, ঢাকা।