
AFSOS

AMON KONO
এমন কোনো মনভোলানো
উল্টো দিকের আকর্ষণে,
বিষয়টাকে যাকে-তাকে দিচ্ছে বলে উদাস মনে!
খ্যাপাটে কোন নীতিমালার তার ছেঁড়া সুর হোঁচট খেয়ে
একটা মইয়ের ধাপগুলোতে বইটা পড়ে উঠছে বেয়ে!
একঘেয়ে হোক ঝোঁক বুঝে তাই যেমন-তেমন বাস্তবায়ন,
মাছের তেলে মাছ ভেজে রোজ
খোঁজ পেল কার হারানো মন!
ব্যাখ্যা দিয়ে নজরদারি নিয়ম জারির দীর্ঘ আলাপ,
উষ্ণ স¦াদের গোপন শ্বাসে নিজের ভেতর আদরে ঝাঁপ!
যতই বলুক নিষেধ মানা টানা জীবন খামখেয়ালি,
প্রকাশ্য সুখ রাঙানো মুখ মুখোশ ভেঙে ফালি ফালি!
জোড়াতালি আইন মেনে পাশের ঘরের ঈর্ষাকাতর!
দিচ্ছে উঁকিঝুঁকির বুকে
প্রশ্ন শুনে হলো কী তোর!
১৩ ফেব্রুয়ারি ২০১৮। রাত ১১:৪০। ঢাকা

ABISHKAR
কিসের বিষের চাপে খাপে খাপ মিলে না তো আর;
হতবাক সব ফাঁক চোখ খোলা আছে যার যার।
আবিষ্কার, তুমি কার?
পাথরে পাথর ঘষে জ্বালিয়েছে একটু আগুন,
সূর্য ঘুমিয়ে গেলে আলো দেবে সেটাই তো গুণ।
কপালে কপাল ঘষে একাকার পুড়ে সব ছাই।
ঝলসানো চারপাশ জিজ্ঞাসা কারুকাজ নাই।
খেলাধুলো যতগুলো যোগাযোগে বাড়,ে
যুদ্ধ নামের ভূত মাঝখানে দরজাটা নাড়ে।
অস্ত্রের কারসাজি আবিষ্কারক মুখ ঢাকে,
উপদেশ লজ্জায় মৃদুস্বর মমতায় ডাকে।
হরফে অনেক রং খবরের যতটুকু কাজ
উল্টো চেহারা দেখে কাগজটা হয়ে থাকে ভাঁজ।
প্রযুক্তি যুক্তিতে অসহায় বিজ্ঞান তাই,
সবকিছু থাকলেও মঙ্গল শব্দটা নাই।
১৬ জানুয়ারি ২০১৪। ঢাকা

AGHATER DAAK NAAM
আঘাতের ডাকনাম, ভালো নাম, যা হয় যা হোক!
তোমার সেদিকে ক্যানো বাড়ছে এ্যাতো ঝোঁক?
অমূলক বলে ইচ্ছে হলেই যাচ্ছ হিসাব ভুলে,
কিন্তু আবার সুযোগ বুঝে পরিস্থিতির মূলে!
হয়তো তোমার দুচোখ জুড়ে অন্য রকম খোঁজ,
দিবস-তারিখ পাল্টে গেলেও আমি একই রোজ!
একঘেয়েমি বৃত্তটাতে রংধনু মায়াজাল;
একই নিয়ম-অনিয়মে সাজানো কঙ্কাল।
সাজানো সেই বোঝাপড়ায় হঠাৎ করে ঢিল,
আবিষ্কারক মনটা নিয়েও পাও না খুঁজে মিল?
অজুহাতের তালিকাতে হোঁচট খাওয়া বুলি,
সমীকরণ ভরসাতে খেয়ালি জট খুলি!
২৪ এপ্রিল ২০১৫। রাত ১০:১৫। ঢাকা।

AKASHER OI KALO MEGHE
আকাশের ওই কালো মেঘের দলের ভেতর
কানাকানি হয়!
অন্ধকারের হিসাব বইয়ে লোক দেখানো অঙ্ক বুঝে
জানাজানি হয়!
কিসের তাড়ায় বাড়িছাড়া, রহস্যতে নজরকাড়া
নিজের গল্প নিজেই জানে না।
নিয়মকানুন হেঁয়ালিতে নিজের খেলায় নিজেই জিতে
ব্যাকরণের কারণ মানে না।
তাই অচিন কোনো পরিচয়ের দরজা আঁটা কল্পনাটা
জানাজানি হয়।
বৃষ্টিভেজা আগুন তাপে, লজ্জা পেল ধাপে ধাপে
মনের খবর বিনা কারণ ঢেউ।
আড়াল থেকে নজরদারি, বলছে সবাই স্বপ্নচারী
সহজ কথা বুঝল না তো কেউ।
তাই অভিমানের নকশা বুঝে ব্যাখ্যাগুলো জমাট ধুলো
টানাটানি হয়।
১৫ মার্চ ২০১৬। রাত ৮:৪০। ঢাকা।

ABHASH ONEK
রাজ্য খোঁজার অভিযানে হাসছে ইতিহাস
রাজকন্যা ভুলো মনে করল কেন ফাঁস।
তাই দ্বিধার ভেতর আরো দ্বিধা কাটছে না তো ঘোর,
হারানো রাত নির্বাসনে কুড়িয়ে পাওয়া ভোর।
আভাস অনেক হালকা হলেও গাঢ় ছিল চাউনি
আকাশ যেমন নিজের কাছে নিজের মতো ছাউনি।
আঘাত অনেক তীব্র হলেও হালকা বশীকরণ,
অন্তঃপুরের একটু দূরে নিরুদ্দেশের ধরন।
প্রশংসাতে ঝরছে চোখের লুকিয়ে রাখা জল
অনেক গভীর আরো গভীর কৌতূহলের ফল।
তাই মিথ্যে কথার মিথ্যে জালে আটকে থাকা ঘর
নতুন করে রাজ্য খোঁজা, কী হলো তারপর!
১৭ মে ২০১৩, ঢাকা।
আভাস অনেক হালকা হলেও গাঢ় ছিল চাউনি। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: ফাহমিদা নবী। সংগীতায়োজন: নির্ঝর চৌধুরী ও রোকন ইমন। কণ্ঠধারণ: ১৭ জুলাই ২০১৩, ঢাকা।

ABCHA CHAYA
আবছা ছায়া তোমার সাথে আড়ি
আমি যাব না তো, যাব না তোমার বাড়ি।
না দেখাটাই আসল দেখা যতই লাগুক একা একা
অভিজ্ঞতায় নাই-বা থাকুক এটাই আমার শেখা।
মধ্যেখানের দাঁড়িয়ে থাকা করছে সর্বনাশ,
দরজা খোলা দুইটা পাশে দেখছে বসবাস।
পদ্ধতিটা তোমার কাছে হতে পারে সেরা
আমার কাছে হচ্ছে মনে মস্ত প্রাচীরঘেরা।
০৭ জুন ২০১৩, ঢাকা।
আবছা ছায়া তোমার সাথে আড়ি। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: মিলন মাহমুদ। সংগীতায়োজন: শায়েখউদ্দীন (শান)। কণ্ঠধারণ: ০৯ অক্টোবর ২০১৩, ঢাকা।

AAMAR HAATE KHORI
আমার হাতেখড়ি হাতঘড়ি তোমার সুচে সুতা,
ষড়ঋতুর লাইন ভেঙে দিচ্ছ কেন গুঁতা!
ধ্যানের ভেতর একটু-আধটু কাঁপুনি দেয় জ্বর,
অন্যদিকের তালে-গোলে হারায় নিজের ঘর।
সঙ্গদোষে মাথা নেড়ে হাজার মানে খোঁজে,
স্বার্থপরের গদ্যপদ্য পড়ে দুইটা চোখই বোজে।
প্রশ্ন যখন হাতে ক্যানো নষ্ট ঘড়ির কাঁটা,
পূর্বপুরুষ বাক্সটাতে ভাগ্য নাকি আঁটা!
রাস্তা পিঠে মোড়ের গিঁটে আত্মীয়তায় ভুল,
সমস্যাটার সমাধানে এলোকেশীর চুল!
ইতিহাসের পরিধিতে ধর্ম যখন রাজা
কার অধীনে কে যে থাকে রক্ত-হাতের সাজা!
উপভোগের মাত্রা বুঝে চেষ্টা যখন রত,
ক্ষমতাধর চিতার পাশেই জীবিত সব ক্ষত!
অপরাধের অনিদ্রাতে ব্যক্তিগত হাসি,
শত্রু-মিত্র অবচেতন হয় না কারো ফাঁসি,
লড়াই শেষে পুলকিত হাতঘড়িটা কাঁদে,
নড়াচড়ায় কেউ নড়ে না সময় কাটে ফাঁদে!
১২ জুলাই ২০১৪, ঢাকা।
আমার হাতেখড়ি হাতঘড়ি তোমার সুচে সুতা। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: বাবলা খান। সংগীতায়োজন: অটমনাল মুন। কণ্ঠধারণ: ১৬ জুলাই ২০১৪, ঢাকা।

ACHOMKA JIGYASHA
আচমকা জিজ্ঞাসা, যাচ্ছ কোথায়?
তোমার বাড়িটা আমি খুঁজব কোথায়
একেকটা খোলা ছাদ এলোমেলো মেঘ
লুকোচুরি করে চাঁদ খুঁজব কোথায়?
বইগুলো দাঁড়িয়ে একলা ঘরে
বৃথা হয় লেখাপড়া হালকা জ্বরে
ওষুধের তালিকায় তোমার দুচোখ
ফলাফল সামনে হোক বা না হোক
ঘটে যায় ঘটনাটা সুযোগের ছল
কী কারণে বুকজুড়ে অকারণ জল
উপচে পড়েছে কোলে চেনা ঝোড়ো হাওয়া
বোঝাপড়া সেখানেই না পাওয়াটা পাওয়া।
খুচরো যে ছবি ছিল কয়েকটা ভাঁজ
মনে হয় সেটাকেই বড় এক কাজ।
জোড়া দেয়া ছাদটুকু বৃষ্টির দাম
তুমি খোঁজো বারবার ভুলে যাওয়া নাম।
৩০ জুন ২০১৩, ঢাকা।
আচমকা জিজ্ঞাসা, যাচ্ছ কোথায়। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: রেজাউল করিম লিমন। সংগীতায়োজন: রেজাউল করিম লিমন। কণ্ঠধারণ: ১২ জুলাই ২০১৩, ঢাকা।

AARALER KAAN
আড়ালের কান শুনে নিল সব কথা, ওলট-পালট হলো রাতটা,
কী করে যে দিন গেল সাতটা।
ভেসে যাওয়া ময়লা পুড়ে সব কয়লা।
জানাজানি বন্ধুর বাড়িটায় রান্নায় গোলমাল হাঁড়িটায়।
কয়েকটা চোখ খুঁজে আত্মীয় লেজ,
কয়েকটা চোখ দেখে বংশের তেজ!
শিকারির বন্দুক ফাঁকা কোল, এলোমেলো বৈঠক বাজে ঢোল।
সমাবেশে ঢং টানাটানি হয় যত, জটলায় খোঁজ ভুলে যা তোর ক্ষত।
৩০ জুন ২০১৩, ঢাকা।
আড়ালের কান শুনে নিল সব কথা, ওলট-পালট হলো। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: রেজাউল করিম লিমন।সংগীতায়োজন: রেজাউল করিম লিমন। কণ্ঠধারণ: ২২ জুলাই ২০১৩, ঢাকা।