
JOLER KHOBOR
জলের খবর তলে তলে,
উথালপাতাল অবুঝ কিছু ঢেউ।
বুঝল না তো কেউ!
ব্যবহারিক আকাশ আড়ালে তুমি!
হয়তো অনেক দূরে কোথাও পুড়ছে মরুভূমি।
শিক্ষা দেয়ার অজুহাতে, প্রতিক্রিয়া সাথে সাথে।
হাঁটছে কারো কারো হারিয়ে যাওয়া ছায়া,
খুঁজছ কেন নতুন করে,
আভিধানিক মায়া।
অন্তত শেষ পর্যায়ে সামান্য বোধ
স্পর্ধার শিরদাঁড়া করছে একটা অনুরোধ। খুচরো ছিল কিছু বাকি
সেটুকুই দিয়ে ছিল ফাঁকি।
হাঁটছে কারো কারো হারিয়ে যাওয়া ছায়া, খুঁজছ কেন নতুন করে
আভিধানিক মায়া।
০২ নভেম্বর ২০১৩। ঢাকা।

JADER SHATHE CHUKTI CHILO
যাদের সাথে চুক্তি ছিল,
তাদের কিছু যুক্তি ছিল!
মুক্তি দেয়ার কথার ছলে,
অনিয়মের জটিল কলে!
দলেবলে অজ¯্র সব
ছায়ার সাথে লড়াই।
যাদের সাথে চুক্তি ছিল,
তাদের কিছু যুক্তি ছিল!
মরচে ধরা ফলাফলে
লোকদেখানো চোখের জলে!
ভাবতে পারো ছোট্ট মুখে করছি কেন বড়াই!
ভাবতে পারো কোলেপিঠের মানুষগুলো যার
হাসিমুখের ষোলো আনাই শর্ত ফাঁদে তার
কুড়িয়ে পাওয়া আবর্জনায় হাতের মুঠোর চাঁদ
বন্ধ ঘরে ভিন্ন স্বরে সাহস খোলা ছাদ।
বাদ দিয়েছে ভেজাল ওষুধ এমনি সারি খুঁত
সহায়তার হাওয়া বাতাস ক্রমশ অদ্ভুত।
১৩ জানুয়ারি ২০১৮। রাত ১১:০০। ঢাকা

JANI NA TO
জানি না তো আবার জানি কিছুটা
মানি না তো আবার মানি কিছুটা
পারি না তো আবার পারি কিছুটা
হারি না তো আবার হারি কিছুটা
উপদেশ হয় না শেষ যোগাযোগ হয় বিয়োগ
প্রথম ফুল ফুটছিল কার নিষেধ হয় না যোগ।
থাকছে কে, জাগছে কে, উড়ছে টান, পুড়ছে জান
তোমাদের ভয়টা নীল কিংবা লাল অথবা নাই
একটু ভোর একটু জোর এই আমি ফেরত চাই
কূটচালে ভুল চালে ফেলছে ক্ষয় খেলছে ছয়।
৩০ জুন ২০১৩, ঢাকা।
জানি না তো আবার জানি কিছুটা। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: অটমনাল মুন। সংগীতায়োজন: রেজাউল করিম লিমন। কণ্ঠধারণ: ০৪ ফেব্রুয়ারি ২০১৪, ঢাকা।

JORURY BISHOY KICHU
জরুরী বিষয় কিছু লক্ষ্য করে,
খোলাখুলি বলা ভালো এক এক করে -
উল্টোদিকের ভুত আয়নাতে চেনা,
চেহারার মোটাদাগ অনায়াসে কেনা !
স্বীকারের তালিকায় শিকারের লাশ,
চোখ বুঁজে মেনে নেয় চালু বসবাস ।
বিমূর্ত পাশাপাশি বুঝিনা মানে ,
অথচ সবাই দেখি পুরোটাই জানে ।
ফলাফল সেকারণে জমাট বাঁধা ,
তাহলেকি প্রশ্নটা অমূলক ধাঁধা !
অনুভূতি গল্পটা রাজত্ব কার ?
আয়ুটাকে কখনোই করেনিতো ধার !
নির্মম মমতায় ক্ষমতা’র ঘর ,
পরিনতি যত ক্ষতি কি যে তারপর ?
সাদা মেঘ তার বুকে মলিন যে দাগ
সেখানেই জমা হয় যার যার রাগ !
২৪ এপ্রিল,২০১৫। ঢাকা
জরুরী বিষয় কিছু লক্ষ্য করে । কথা+ সুর : এনামুল করিম নির্ঝর । শাফিন আহমেদ । সংগীতায়োজন: সামির ওবায়েদ । কণ্ঠধারণ: ২৮ মে ২০১৫, ঢাকা।

JIBON HOYKI DIN DIN TUMI
জীবন হওকি দিন দিন তুমি দূর-সম্পর্কে’র ভাই বোন,
তোমাকে খুঁজতে ভীড়ের মধ্যে আয়না কিংবা বায়না সারাক্ষণ।
ঠ্যালা - দিচ্ছো ঠ্যালা - সারা বেলা।
ছুঁয়ে দেখেছো কি একটু ছোঁয়ায় কিংবা ধোঁয়ায় চোখের সামনে নাই,
একপাশ থেকে হিসেব মেলাতে টাকা আনা পাই পাই।
খেলা - চলছে খেলা - সারা বেলা।
একশো ঝামেলা খেলাধুলো হয়ে লুকোচুরি ভয়ে আদরে মাখানো খাঁচা,
ভেতরে বাইরে ভিন্ন বাগানে টানে টানে হয় বাঁচা।
কথা+ সুর : এনামুল করিম নির্ঝর । জীবন হওকি দিন । ৩০ জুন, ২০১৩। ঢাকা

JEHETU SHORASHORI PARBONA BOLTE
যেহেতু সরাসরি পারবে না বলতে গানে গানে কারসাজি
মাথাব্যথার একটা বেলুন বাতাস গিলে করে হজম।
বুঝছি না কে যে কার যম।
থতমত কিছু মেঘ মুচকি হাসির দোষে কারাগারে বন্দী হলো
আকাশ তুমি কথা বলো।
প্রতিবেশী পাহাড়ে একটা শামুক নাকি কবিতায় হয়েছে পাগল
একদিন সকালে বুঝতে পারল সে পৃথিবীর বুক নাকি গোল।
যন্ত্রণা সইলেও সহ্য করে না সে বুঝেশুনে অবহেলা
এই কারণে জীবনজুড়ে গল্প হলো কি কম।
বুঝছি না কে যে কার যম।
কতটুকু বাকি আছে দম।
৩০ জুন ২০১৩, ঢাকা।
যেহেতু সরাসরি পারবে না বলতে গানে গানে কারসাজি। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: রেজাউল করিম লিমন। সংগীতায়োজন: রেজাউল করিম লিমন। কণ্ঠধারণ: ১৬ জুলাই ২০১৩, ঢাকা।

JADER KOTHA CHILO
যাদের কথা ছিল সঙ্গে নেবে নিল না আমায়,
একা একা তাইতো চলি দেখি কে থামায়।
কথা ছিল যারা হবে বাকি পথের সঙ্গী,
হঠাৎ করে কেন তাদের বদলে গেল ভঙ্গি।
বদলে কেন যাবে এমন সবকিছু কি খেলা
ভুল দেখেছি পৃথিবীটা শুধুই মানুষ মেলা।
মনোযোগের কথা শুনি আশেপাশের উক্তি
ভেঙেচুরে টুকরো হলো ইতিহাসের যুক্তি
পূর্বপুরুষ বোকা চোখে ভাবছে সবই ধাঁধা
স্বপ্নগুলো নতুন মোড়ক খাঁচার ভেতর বাঁধা।
জুন ২০০৯, ঢাকা।
যাদের কথা ছিল সঙ্গে নেবে নিল না আমায়। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: তানভির আলম (সজীব)। সংগীতায়োজন: তানভির আলম (সজীব )। কণ্ঠধারণ: ২০১২। ঢাকা।

JOG BIYOGER
যোগ-বিয়োগের সবকিছু ভুল,
সমস্যাটার সেটাই তো মূল।
অস্থিরতার কারণ,
আমার বলতে কিছু বারণ।
এলোমেলো অনুভূতির হঠাৎ কেন ছুটি,
দুঃখ কেন হাসিমুখে সুখের সাথে জুটি।
চুরি করা ছুটির দিনের বৃষ্টিভেজা দুপুর,
আড়াল থেকে শুনতে কি পাও আমার পায়ের নূপুর।
লাভের ক্ষতি ক্ষতিতে লাভ সিঁড়ির ধাপে ধাপে
ধ্বংসগুলো পিছিয়ে গেল অবাক অভিশাপে
আলো-ছায়ার নতুন খেলায় লুকোচুরির দুঃখ
খামখেয়ালি ভুলে যাওয়া কতটুকু সূক্ষ্ম।
যোগ-বিয়োগের পুরোটা ভুল,
সমস্যাটার সেটাই তো মূল।
অস্থিরতার কারণ,
এখন বলতে তবু বারণ।
জুন ২০০৯, ঢাকা।
যোগ-বিয়োগের সবকিছু ভুল। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: ফাহমিদা নবী। সংগীতায়োজন: নির্ঝর চৌধুরী ও রোকন ইমন। কণ্ঠধারণ: ০১ নভেম্বর ২০১৩, ঢাকা।