
UTHTE UTHTE
উঠতে উঠতে নামছি যখন ভাবছি কোথায় শেষ!
কোথায় গেলে ভাবতে পারি এই তো আছি বেশ।
ধরাছোঁয়ার আসল মানে হাতের মুঠোয় পাওয়া
কোনখানে ঠিক ব্যাখ্যা পাব নিজের কাছে চাওয়া।
অন্তরঙ্গ বাগানজুড়ে উড়ছে কত কিছু
ভাবছি তুমি, কিন্তু দেখি ছায়া পিছু পিছু।
গাছের ডালে পরগাছা ফুল তাকিয়ে থাকা সুখ
তার পেছনে আলতো ছায়ায় দেখছি তোমার মুখ।
কীটপতঙ্গ গহিন বনে রাজার ভয়ে বোকা
আসলে তো খোলা মাঠে নিজের কাছেই ধোঁকা।
তেপান্তরের সরলরেখায় অল্প কিছু ঢেউ;
এই কথাটা সহজ হলেও বুঝল না তো কেউ।
২১ মে ২০১৩। ঢাকা

UPORE UPORE HAJAR CHEHARA
ওপরে ওপরে হাজার চেহারা, বাজার উড়ছে খরচ বাড়ছে
পাশের বাড়ির মানুষ এসে অসময়ে দরজা নাড়ছে।
কাড়ছে সবার নজর কাড়ছে ভীষণ তেষ্টা চেষ্টা বাড়ছে,
আয়না ভেঙে ভুলেই গেছে দিনগুলো সব বয়স কাড়ছে।
অতীত এবং ভবিষ্যতের আত্মীয়তার ছন্দ,
বর্তমানের নতুন জুতো আলমারিখান বন্ধ।
অনায়াসে জীবনযাপন তোমার চেনা শ্বাস
আড়াল কোথাও লুকিয়ে আছে সবগুলো বিশ্বাস।
চশমা নতুন রঙিন কাচের ভিন্ন জাদুমন্ত্র,
হাসিমাখা কথামালা নকল কিছু যন্ত্র।
যখন-তখন লোডশেডিংয়ে স্বপ্নগুলো মাটি
হাঁটুসমান ঘোলা জলে বাঁচার সাঁতার কাটি।
১৮ মার্চ ২০১০, ঢাকা।
ওপরে ওপরে হাজার চেহারা, বাজার উড়ছে খরচ বাড়ছে। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: শিম্পি। সংগীতায়োজন: নির্ঝর চৌধুরী ও রোকন ইমন। কণ্ঠধারণ: ০৬ এপ্রিল ২০১৩, ঢাকা।

URCHCHE GHORE
উড়ছে ঘরে অনেক রঙের ধুলো
হঠাৎ এসে একটা একটু ছুঁল।
পেরিয়ে যাওয়া রাত, আড়াল থেকে ধরল আমার হাত।
কাঁধের ওপর জিজ্ঞাসাটার বোঝা
সেখান থেকেই হচ্ছে শুরু খোঁজা
দেয়ালজুড়ে ছাদ, অনেক পরে বুঝছি সেটাই ফাঁদ।
শব্দ হলো একটুখানি অল্প কথার ছলে
যন্ত্রণাতে আপন মনে মোমবাতিটা জ্বলে।
সুখের নামে অসুখ হলো চিকিৎসাতে ভুল
ঝড়ের ভেতর আরেকটা ঝড় এলোকেশী চুল।
শর্ত মেনে কাটছি সাঁতার অল্প-স্বল্প আলোয়
হয় যদি সব এমন করে এখন ভালোয় ভালোয়।
বিনা কারণ কারাবরণ মহাসাগর ক্ষত
স্বেচ্ছাচারী ঘুমের ভেতর জটিলতা যত।
এলোকেশী ভুল।
৩০ জুন ২০১৩, ঢাকা।
উড়ছে ঘরে অনেক রঙের ধুলো। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: রূমানা খান। সংগীতায়োজন: রেজাউল করিম লিমন কণ্ঠধারণ: ১৫ জুলাই ২০১৪, ঢাকা।