
CHORITTRO KOYKHANA
চরিত্র কয়খানা, সমস্যা কয়খানা?
মনে হয় ছয়খানা, লোকে বলে নয়খানা
কিছু ভুল কিছু জানা!
তারপর গল্পটা খুলে বলো,
যতটা পারো সঙ্গে চলো...
দুই চোখে ভরা পানি, অকারণে টানাটানি
অদ্ভুত হানাহানি, শুরু হয় জানাজানি
কিছু কিছু কানাকানি
তারপর কাহিনির চাকা চুরি,
ভোঁতা বুক কিন্তু চকচকে ছুরি!
ঘরে ঢুকে লজ্জায় মাথা নিচু
অনেক উঁচু ঘরে দুচোখ আমার নিচু
আকাশ মেঘের কাছে মাথা নিচু
জানালার আধখানা সামান্য ফাঁকে
সুযোগের এলোচুলে আলোটুকু আঁকে।
কতটুকু জমিজমা, ততটুকু করে ক্ষমা!
ভুলে যায় দাঁড়ি-কমা, যত দাম কিছু কমা
তারপর গুজবের সারাংশ লেখা
চারপাশে আঁকছে প্রাচীররেখা!
০৩ নভেম্বর ২০১৩। ঢাকা

CHINTA KATHAMO
চিন্তাকাঠামো নড়বড়ে বলে
অল্পতাপে গলে,
গুণে-মানে হয় না কিছুই
তাই তো সবই চলে।
সময়মতো আলো কত বোঝে না।
সময়মতো কারো ক্ষত বোঝে না।
নিয়মিত পাথরের মনটা বোঝা দায়,
উপযোগী সময়ের অকারণে ঘুম পায়।
সান্ত¡না মালা ঝুলে, হাসিমুখে ছবি তুলে।
গল্পের ঘরবাড়ি প্রশ্নতে নিরুপায়।
আড়ালের আমি তাই, অবশেষে সবই চায়!
মাথানত উল্লাসে, আশেপাশে ছায়া হাসে!
১৭ এপ্রিল ২০১৫। রাত ৯:০০। ঢাকা

CHITE FOTA
ছিটেফোঁটা প্রতিজ্ঞাতে ছিটেফোঁটা চাল
তাই ভাঙল মনের ডাল।
ছিটেফোঁটা আকাশ অহংকারের জাল
তাই ভাঙল গাছের ডাল।
কলঙ্কতে লঙ্কাকান্ড নিয়মে বহাল
তাই ভাঙল গাছের ডাল।
রাত্রিজুড়ে আলোছায়া আড়ালে সকাল,
তাই ভাঙল মনের ডাল।
নেশার ঘোরে একটু চুরি সামান্য কপাল,
তাই ভাঙল মনের ডাল।
মিষ্টি খেয়ে ধাপে ধাপে মনে হলো ঝাল
তবু হলো না খেয়াল।
চড়া রঙের পলেস্তারা বয়স লুকায় গাল,
তাই ভাঙল মনের ডাল।
টাকাপয়সা অধিকাংশ প্রমাণ হলো জাল,
তাই উল্টো-পাল্টা চাল।
ঘুম হয়নি কতকাল।
২১ মে ২০১৩, ঢাকা।
ছিটেফোঁটা প্রতিজ্ঞাতে ছিটেফোঁটা চাল। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: পান্থ কানাই। সংগীতায়োজন: নির্ঝর চৌধুরী ও রোকন ইমন। কণ্ঠধারণ: ০৭ নভেম্বর ২০১৩, ঢাকা।

CHHAYA DEKHE
ছায়া দেখে হচ্ছে মনে হয়তো বেহুলা,
কল্পনাতে লুকিয়ে ছিল জমাট বাঁধা ধুলা।
লখিন্দরের নেশার ফাঁদে আঁচল পুড়ে সাদা,
হরিণ-চোখের বরফ গলে শুকনো মাটি কাদা।
অলিগলির জটিলতায় মৌসুমি ফল কাঁচা,
গভীর ভিতর খুঁজে ফিরে মরণ কিংবা বাঁচা।
উড়ছে হাওয়া সঙ্গে নিয়ে একটু ভয়ে কাতর,
জানলা খুলে সাজিয়ে রাখে লোবান এবং আতর।
বৃক্ষ তখন মহা কষ্টে ডালপালাতে দোলা,
অতিকায় এক কালো মেঘের বুকটা নাকি খোলা।
ঠোঁটের ফাঁকে আসল কথা হায়রে উপবাসী,
বৈঠা ছুঁয়ে মাঝিরে কয় হলাম তোমার দাসী।
২১ জুলাই ২০১৩, ঢাকা।
ছায়া দেখে হচ্ছে মনে হয়তো বেহুলা। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: প্রমা। সংগীতায়োজন: সাদউল ইসলাম (সাদ)। কণ্ঠধারণ: ২৬ ডিসেম্বর ২০১৩, ঢাকা।