
FOLITO ROSHAYON
ফলিত রসায়ন পদার্থবিদ্যা
পেটের মধ্যে মহা খিদ্যা,
চোখের সামনে অঙ্ক নাকি ভুল!
হাওয়ায় উড়ছে এলোমেলো চুল।
অল্প একটু দেরির জন্য
গতানুগতিক সবই পণ্য।
স্পর্শ করার উপায় খুঁজছে হন্য।
দীর্ঘ তালিকা ছোট্ট বালিকা
সবাই বলছে সেই তো চালিকা
শিল্প উড়ছে, উড়ছে ফুর্তি
মুখের হাসি বলছে সবাই ধন্য।
আজকে ক্ষতকাল, কালকে গতকাল
রান্না ভুল বলে লাগছে বেশি ঝাল।
প্রয়োগে শক্তি, তুচ্ছ ভক্তি।
বটবৃক্ষ উপড়ে ছেঁড়া মূল,
হাওয়ায় উড়ছে এলোমেলো চুল।
১৮ সেপ্টেম্বর ২০১৩, ঢাকা।
ফলিত রসায়ন পদার্থবিদ্যা। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: নবনীতা চৌধুরী। সংগীতায়োজন: রেজাউল করিম লিমন। কণ্ঠধারণ: ০৮ জানুয়ারি ২০১৪, ঢাকা।

FAAKA BALISH
ফাঁকা বালিশ করে নালিশ বিছনা অন্ধকার
বুকের ভেতর কয়টা ছেঁড়া তার!
আসল কথার নকল মানে
হয়তো আড়াল সবই জানে।
লাগছে আঠা কিসের টানে,
কারণ গল্প নকল কানে।
ঢং করা রাত কিছু টাকায়, ঘুণে ধরা খাটে!
কল্পনাতে পিঁপড়া সাঁতার কাটে।
গোলেমালে রেহাই দিল
কয়েদি তো সঙ্গে ছিল।
ধুলোবালির গন্ধ নিল,
হয় না কেন একটু মিলও।
রং করা হাত লাগে জোড়া,
জেলখানাতে ক্ষমা!
পাহারাদার দিচ্ছে চাবি জমা।
ফাঁকা বালিশ করে নালিশ বিছনা অন্ধকার
বুকের মধ্যে কয়টা ছেঁড়া তার!
০৫ মে ২০১৩, ঢাকা
ফাঁকা বালিশ করে নালিশ বিছনা অন্ধকার। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: নবনীতা চৌধুরী। সংগীতায়োজন: লাবিক কামাল (গৌরব)। কণ্ঠধারণ: ০৮ জানুয়ারি ২০১৪, ঢাকা।

FOSHKE JAWA SHUJOG
ফসকে যাওয়া সুযোগ
সেটাই করছি উপভোগ!
কিছু আবদার যার যার, হলো না তো যোগ!
কিছু আবদার বারবার, হচ্ছে না তো যোগ!
আকাশ-তারা আত্মহারা
নজর ছিল কোথায়?
খবরদারি সইতে পারি
খবর দিল কোথায়?
দখল নিয়ে সফল কিছু
বাকির খাতায় টান, বাস্তবতায় ভান!
আমার কাছে কিছু আছে
আসল গেল কোথায়?
যেমন-তেমন কইতে পারি
খুচরো হাসি কোথায়?
পরস্পরের নড়াচড়া
একটু বোঝাপড়া, মূর্তি ভেঙে গড়া!
১৮ জুলাই ২০১২, ঢাকা।
ফসকে যাওয়া সুযোগ। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: শায়ান চৌধুরী (অর্নব)। সংগীতায়োজন: সাদউল ইসলাম। কণ্ঠধারণ: ১২ জানুয়ারি ২০১৩, ঢাকা।