
KOKHONO MONE HOY
কখনো মনে হয় সে,
আবার কখনো মনে হয় সে না!
ছায়াটাকে বলছি আমায় একটু দে না
কিছুটা দে না... একটু দে না...
খামখেয়ালির দোষে চুপচাপ বসে বসে,
ভুলো মন প্রয়োজন বেহিসেবি হিসাব কষে।
শাস্তি মাথায় পেতে নিতে,
ভাবটা এমন যেন জানলে আগে
হয়তো সবই দিয়ে দিতে।
অল্প সময় চলে জীবনের চারটা চাকা,
পদ্ধতি বুঝতেই হয় না ভালো থাকা।
সাঁকোটার সামনে গেলে
তপস্যা চলছেই চলবে কেন
তাপহীন আগুন জ্বেলে।
২১ ডিসেম্বর ২০১৩, ঢাকা।
কখনো মনে হয় সে। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: কারিশমা শানু সভ্যতা। সংগীতায়োজন: অনম বিশ্বাস। কণ্ঠধারণ: ১৬ এপ্রিল ২০১৪, ঢাকা।

KOTOTUKU JOMA HOLE
কতটুকু জমা হলে স্মৃতি বলা যায়,
কতটা পায়ের ছাপ মনে হয় যেন চেনা ধাপ।
আয়না... আয়না...
অন্যের কাঁধে হাত ছিটেফোঁটা সামান্য স্বাদ
বৃষ্টির চেহারায় বরফ টুকরো কিছু নীল,
একফোঁটা আকাশে উঁকি দেয় চেনা চিল।
জানালার খোলা চোখে ছুড়ে দিল টুকরো সে ঢিল।
আয়না... আয়না...
জমা ছিল যতটুকু অকারণে সবকিছু বাদ,
পরিচিত তালিকায় এলোমেলো আত্মীয় নাম।
আগন্তুকের ভুলে হুট করে বেড়ে যাওয়া দাম।
পড়ে আছে বহুদিন বন্ধ বুকের চেনা খাম।
আয়না... আয়না...
বায়না... বায়না...
২৮ জুন ২০১৩, ঢাকা।
কতটুকু জমা হলে স্মৃতি বলা যায়। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: ফাহমিদা নবী। সংগীতায়োজন: শায়েখউদ্দীন (শান)। কণ্ঠধারণ: ১০ অক্টোবর ২০১৩, ঢাকা।

KRITODASH KRITODASHI
ক্রীতদাস-ক্রীতদাসী, মুখে হাসি বেচারার পরিণাম
বুঝতে পারে না কেউ বুঝবে না কোনো দিন তার দাম।
অকেজো মনের চিঠি অগত্যা ছুড়ে দেয় আকাশে
দাসখত দিয়েছিল ঘুমের ঘোরে পড়ে থাকা সে।
আয়না যায় না, সামনে দাঁড়িয়ে রয়
বোকা বোকা চেহারার সংসার
স্বচ্ছ জবাব নেই নাটকের দৃশ্যে ঢং কার!
জড়তার সুযোগে দরদাম ঠিকঠাক গম্ভীর
হাসিমুখ মরদেহ শুয়ে আছে চারপাশে কম ভিড়।
সিঁড়ির ধাপের কাছে পিছলে যাওয়া কান শুনছে
অল্প অল্প করে নিশ্বাস কয়খান গুনছে।
ফলাফল চোখে জল মুছবে কি
মুছবে না ভাবতে ভাবতে যায় ঘণ্টা
চাঁদাবাজি কৌশল শিক্ষাদীক্ষা চায় মনটা।
৩০ জুন ২০১৩, ঢাকা।
ক্রীতদাস-ক্রীতদাসী, মুখে হাসি বেচারার পরিণাম। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: বাপ্পা মজুমদার। সংগীতায়োজন: রেজাউল করিম লিমন। কণ্ঠধারণ: ১৪ ডিসেম্বর ২০১৪, ঢাকা।